
হলিউড অভিনেতা ও পরিচালক জাস্টিন বালডোনির বিরুদ্ধে করা মামলায় আইনি ও আদালত-সংক্রান্ত খরচ বাবদ অভিনেত্রী ব্লেক লাইভলিকে প্রায় ৪ লাখ ৭ হাজার ডলার দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫ কোটি টাকা। অথচ মামলার খরচ বাবদ ব্লেক লাইভলি প্রায় ৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ কোটি ৬২ লাখ টাকা, দাবি করেছিলেন। গত বুধবার বিচারক লুইস লিমান ব্লেকের পক্ষে ৩ লাখ ৬৩ হাজার ডলার আইনি খরচ এবং আরও ৪৪ হাজার ডলার আদালত-সংক্রান্ত খরচ অনুমোদন করেন।
রায়ে বিচারক বলেন, মামলার গুরুত্ব ও জটিলতা বিবেচনায় আইনজীবীদের নির্ধারিত পারিশ্রমিক অযৌক্তিক ছিল না। তবে যে পরিমাণ সময়ের জন্য আইনি খরচ ফেরত চাওয়া হয়েছিল, তা অযৌক্তিক ছিল। বালডোনির আইনজীবী ব্রায়ান ফ্রিডম্যান রায়টিকে নিজেদের জন্য উল্লেখযোগ্য বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, ব্লেক তাঁর দাবির মাত্র প্রায় ৫ শতাংশ পেয়েছেন। অন্যদিকে ব্লেকের আইনজীবীরা দাবি করেছেন, পুরো আইনি লড়াই অর্থের জন্য নয়; বরং জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যেই তারা মামলা করেছিলেন।
‘ইট এন্ডস উইথ আস’ সিনেমাকে কেন্দ্র করে ব্লেক লাইভলি ও জাস্টিন বালডোনির মধ্যে এই আইনি দ্বন্দ্বের সূত্রপাত। ২০২৪ সালের ডিসেম্বরে ব্লেক অভিযোগ করেন, শুটিং সেটে যৌন হয়রানির অভিযোগ তোলার পর বালডোনি ও তাঁর প্রতিষ্ঠান তাঁর বিরুদ্ধে অনলাইন প্রচারণা চালিয়েছিল। এর পাল্টা জবাবে বালডোনি ব্লেক ও তাঁর স্বামী রায়ান রেনল্ডসের বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং অভিযোগ করেন, মিথ্যা অভিযোগ তুলে সিনেমার সৃজনশীল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়েছে। চলতি বছরের মে মাসে দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ফেডারেল আদালতের বিচারপ্রক্রিয়া বন্ধ হয়। তবে আইনি খরচ আদায় নিয়ে শুনানি চলছিল।