
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরামর্শ ও সমন্বয় করবেন।
সিলেট বিভাগের চার জেলার মধ্যে খন্দকার আবদুল মুক্তাদিরকে হবিগঞ্জ, আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজার এবং মো. জি কে গউছকে সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকিতে দায়িত্ব পালন করবেন আরিফুল হক চৌধুরী। একইভাবে হবিগঞ্জে খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট ও সুনামগঞ্জে মো. জি কে গউছ দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও তদারকি করবেন। প্রয়োজনে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও সমন্বয়ের সুযোগ থাকবে। মৌলভীবাজারের দায়িত্ব আরিফুল হক চৌধুরী পাওয়ায় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণ এবং উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।