
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে শুটিং করতে গিয়ে আটকে পড়েছিলেন ওপার বাংলার অভিনেতা খরাজ মুখার্জি। দুই দিন নানা ভোগান্তির পর অবশেষে কলকাতায় ফিরেছেন তিনি। নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের খবরের মধ্যে খরাজসহ সেখানে থাকা শিল্পী ও কলাকুশলীদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। কলকাতা বিমানবন্দরে পৌঁছে ভক্তদের আশ্বস্ত করেন এই অভিনেতা।
বেশ কিছুদিন ধরে নেপালে চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার শুটিং চলছিল। সিনেমাটিতে খরাজ মুখার্জিও অভিনয় করছেন। নেপালের পোখরায় শুটিং চলাকালে বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়লে অপু বিশ্বাস ও তার দলের নিরাপত্তা নিয়েও ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে অপু বিশ্বাস আগেই জানিয়েছিলেন, তারা পোখরায় নিরাপদে রয়েছেন এবং প্রাকৃতিক দুর্যোগে সরাসরি কোনো সমস্যার মুখে পড়েননি। অন্যদিকে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় খরাজ ও তার স্ত্রী প্রতিভা সেখানে আটকা পড়েছিলেন।
কলকাতায় ফিরে খরাজ মুখার্জি জানান, তিনি ও তার স্ত্রী প্রতিভা পোখরায় শুটিংয়ের কাজে গিয়েছিলেন। প্রাকৃতিক বিপর্যয়ের পর নানা সমস্যার মধ্য দিয়ে তাদের গোরখপুর পর্যন্ত আসতে হয়েছে। সেখান থেকে শেষ পর্যন্ত কলকাতায় ফেরেন তারা। এদিকে শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশে অপু বিশ্বাসের রওনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। নেপালে অবস্থানরত সিনেমাটির অন্যান্য শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা পরিস্থিতিও সংশ্লিষ্টরা পর্যবেক্ষণ করছেন।