August 30, 2026, 5:36 am
শিরোনাম :

ছয় মাসে বেকারত্ব, হত্যাকাণ্ড ও জ্বালানি সংকট সরকারের ব্যর্থতার সাক্ষ্য: পীর সাহেব চরমোনাই

আনোয়ার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব এক কোটি কর্মসংস্থান সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করার নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস পার হলেও এসব প্রতিশ্রুতির বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি করেন তিনি। বরং বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি আরও নাজুক হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ছয় মাসে শুধু তৈরি পোশাক খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন। পাশাপাশি দেশে প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ হত্যার শিকার হচ্ছেন, লোডশেডিং বেড়েছে এবং জ্বালানি সংকট দেশের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তার করলেও অনেক ক্ষেত্রে বিচার কার্যকর হয় না। নিম্ন আদালতে রায় হলেও তা বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা যায় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, জনগণের প্রত্যাশা ছিল অপরাধ সংঘটনের আগেই আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা নেবে এবং অপরাধীদের নিয়ন্ত্রণে আনবে। কিন্তু সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।
সরকারের প্রতি মানুষের নিরাপত্তা নিশ্চিত, লোডশেডিং কমানো, জ্বালানি সংকট সমাধান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর। অন্যথায় জনগণের ক্ষোভ বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। সংস্কার প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই বলেন, জুলাই সনদের আলোকে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকারের ভূমিকা হতাশাজনক। রাষ্ট্রপতি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্যের বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতার সুযোগেই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। তাই জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করে স্বৈরতন্ত্রের স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে।



ফেসবুক কর্নার