August 30, 2026, 5:35 am
শিরোনাম :

দুর্নীতির টাকা পকেটে গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না: হুইপ দুলু

মনজুর রহমান

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে কোনো স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির কিংবা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে না। সরকারের অর্থায়নে প্রতিটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং অসহায়-দরিদ্র রোগীদের সহায়তার জন্য চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ২৬৭ জন অসহায় ও দুঃস্থ রোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৩৫ হাজার টাকার চেক এবং ১৯৪টি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য প্রায় তিন কোটি টাকার চেক বিতরণ করা হয়।
হুইপ দুলু বলেন, অতীতে আওয়ামী লীগের আমলে সরকারি অর্থ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভবিষ্যতে সরকারি অর্থের অপব্যবহার বা দুর্নীতির মাধ্যমে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি টাকা কারও ব্যক্তিগত পকেটে গেলে তাকে অবশ্যই জবাবদিহির আওতায় এনে জেলে যেতে হবে বলেও সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার