August 30, 2026, 5:35 am
শিরোনাম :

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের মামলা

অভয়নগর প্রতিবেদক

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ। মামলায় আদালতের নির্দেশ অমান্য, পুলিশের কাজে বাধা, ধস্তাধস্তি এবং নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত একটি সমাবেশকে কেন্দ্র করে হেস্টিংস থানায় মামলাটি করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশনা মেনে ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের কর্মসূচি আয়োজন করা হয়। আদালত অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে কয়েকটি শর্ত দিয়েছিল। এর মধ্যে রাস্তার একটি অংশ যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশও ছিল। পুলিশের অভিযোগ, বাস্তবে রাস্তার উভয় দিকের লেন বন্ধ হয়ে যায়। আদালত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচির অনুমতি দিলেও নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চলতে থাকে বলে অভিযোগ করা হয়েছে। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পুলিশের অভিযোগ, সভা চলাকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের নির্দেশ ভঙ্গের অভিযোগ তোলেন। তিনি পুলিশকে এফআইআর করার পাশাপাশি হাইকোর্টে বিষয়টি উপস্থাপনের নির্দেশ দেওয়ার কথা জানান। তবে মামলায় ওঠা অভিযোগের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।



ফেসবুক কর্নার