August 31, 2026, 5:29 am

অভিনয় ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগী পপি, চান পাপমুক্তির পথ

অভয়নগর প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। রুপালি পর্দার ব্যস্ততা ছেড়ে বর্তমানে পরিবার ও ব্যক্তিগত জীবনেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ভাবনা তুলে ধরে পপি বলেন, তিনি সুন্দর ও শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে চান এবং আল্লাহর স্মরণে থাকতে চান। একই সঙ্গে জীবনের ভুলত্রুটি থেকে ফিরে এসে ধর্মীয় অনুশাসন মেনে চলার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।

পপি বলেন, সুন্দরভাবে বাঁচতে চান এবং আল্লাহ-খোদার নাম নিয়ে জীবন কাটাতে চান। জীবনে যত ভুল বা পাপ করেছেন, সেগুলো থেকে নিজেকে সংশোধন করে বাকি জীবন শান্তিতে কাটানোর ইচ্ছা রয়েছে তার। প্রায় ২৮ বছরের অভিনয়জীবন শেষে এখন পরিবারের প্রতি তার মনোযোগ বেড়েছে। একসময় ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে আবারও অভিনয়ে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি। তবে বর্তমান পরিস্থিতিতে চলচ্চিত্রে তার ফেরার সম্ভাবনা খুবই কম বলে সংশ্লিষ্টদের ধারণা।

১৯৯৭ সালে ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন পপি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি। ২০২১ সাল থেকে বিনোদন অঙ্গনের অনেকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আড়ালে চলে যান এই অভিনেত্রী। পরে তার বিয়ে ও সংসারজীবন নিয়ে নানা তথ্য সামনে আসে। বর্তমানে স্বামী ও চার বছরের ছেলেকে নিয়ে পারিবারিক জীবনেই ব্যস্ত রয়েছেন পপি।



ফেসবুক কর্নার