August 31, 2026, 5:29 am

সড়ক দুর্ঘটনায় তিশার গাড়ি ক্ষতিগ্রস্ত, সমঝোতায় ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ

অভয়নগর প্রতিবেদক

শুটিং শেষে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ব্রিজের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তিশার গাড়িকে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে তিশাসহ গাড়িতে থাকা কেউ আহত হননি।

জানা গেছে, সিলেটের শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তাসনুভা তিশা। ভৈরব মেঘনা সেতু পার হয়ে নাটাল মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পরে পিকআপটি ভৈরব ফেরিঘাটের সড়কের দিকে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাৎক্ষণিকভাবে পিকআপটি আটক করা সম্ভব হয়নি। এতে তিশার গাড়ির সামনের বাম্পারের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

পরে স্থানীয় একটি বেকারির সঙ্গে সংশ্লিষ্ট পিকআপ ভ্যানের মালিকপক্ষের এক প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়। উভয় পক্ষের আলোচনার পর তাসনুভা তিশার গাড়ির ক্ষয়ক্ষতির জন্য ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে বিষয়টির সমঝোতা হয়। লিখিত আপসনামার মাধ্যমে এ মীমাংসা করা হয়েছে বলে জানা গেছে। ভৈরব হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মেহেদি হাসান জানান, ৯৯৯-এ কল পাওয়ার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল। পরে প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ করে দুই পক্ষের সম্মতিতে বিষয়টির সুরাহা করা হয়।



ফেসবুক কর্নার