August 31, 2026, 6:04 am

বাড়ি ফিরতে দেরি হলে জয়ার বকুনি এড়াতে অমিতাভের কৌশল

অভয়নগর প্রতিবেদক

বাড়ি ফিরতে দেরি হলে স্ত্রী জয়া বচ্চনের বকুনি এড়াতে বিশেষ কৌশল অবলম্বন করেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর এক পর্বে নিজের সেই কৌশলের কথা জানিয়েছেন তিনি। অমিতাভ জানান, শুটিংয়ের কারণে বাড়ি ফিরতে দেরি হওয়ার আশঙ্কা থাকলে আগেভাগেই পরিবারের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠিয়ে দেন। সেখানে শুটিংয়ের স্থান ও দেরির কারণ জানিয়ে পরিবারের সদস্যদের রাতের খাবারের জন্য অপেক্ষা না করার অনুরোধ করেন।

অমিতাভের ভাষ্য অনুযায়ী, পরিবারের গ্রুপে বার্তা পাঠানোর পাশাপাশি তিনি জোড় করা হাতের ছবিও পাঠান। এতে দেরির বিষয়টি আগে থেকেই পরিবারের সদস্যদের জানানো হয় এবং সম্ভাব্য প্রশ্ন বা বকুনি থেকেও কিছুটা রক্ষা পাওয়া যায়। তিনি মজা করে বলেন, আগে থেকে জানানো না হলে জয়া তাকে প্রশ্ন করেন—কোথায় ছিলেন এবং কেন কাউকে কিছু জানাননি। তবে রাত বেশি হলে জয়া নিজের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন বলেও জানান এই অভিনেতা।

শুধু বাড়ি ফেরার সময় নিয়ে নয়, ঘরের নানা কাজেও অমিতাভ নিজে হাত লাগান বলে জানিয়েছেন। বাড়িতে কর্মীরা না থাকলে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে নিজের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার কাজও করেন। রান্না করতে না পারায় প্রয়োজন হলে বাইরে থেকে খাবার আনিয়ে নেন। কখনো স্ত্রী জয়ার কাছে খাবার তৈরির আবদারও করেন। ১৯৭৩ সালে বিয়ে করেন অমিতাভ ও জয়া। ‘জঞ্জির’, ‘অভিমান’, ‘মিলি’, ‘চুপকে চুপকে’, ‘শোলে’, ‘সিলসিলা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন এই তারকা দম্পতি।



ফেসবুক কর্নার