September 1, 2026, 6:03 am
শিরোনাম :

পোশাক-শরীর নিয়ে সিদ্ধান্তের অধিকার কারও নেই: উর্বী

অভয়নগর প্রতিবেদক

জার্মানিতে ভ্রমণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, তাঁর শরীর, পোশাক কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অন্য কারও নেই। শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে জার্মানি ভ্রমণের একটি ভিডিও প্রকাশের পর মন্তব্যের ঘরে কয়েকজন নেটিজেনের আপত্তিকর মন্তব্যের মুখে পড়েন তিনি।
শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে প্রিয়ন্তী উর্বী বলেন, একটি নারীর শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে নোংরা ভাষায় মন্তব্য করার মধ্যে মানুষ কী আনন্দ খুঁজে পায়, তা তাঁর বোধগম্য নয়। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, তাঁর শরীর, পোশাক ও ফেসবুক প্রোফাইল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। কারও কনটেন্ট ভালো না লাগলে সেটি না দেখা কিংবা আনফলো করার সুযোগ রয়েছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা কুরুচিপূর্ণ মন্তব্য করার অধিকার নেই।
প্রিয়ন্তী জানান, আপত্তিকর মন্তব্যগুলোর স্ক্রিনশট তিনি সংগ্রহ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি এমন আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অনেকেই বাস্তব জীবনে মা-বোন বা স্ত্রীকে সামনে রেখে যে ভাষা ব্যবহার করেন না, অনলাইনে অন্য নারীর ক্ষেত্রে একই ধরনের ভাষা ব্যবহার করেন। বিশেষ করে তরুণদের কাছ থেকে এমন মন্তব্য তাঁকে উদ্বিগ্ন করে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এসব মানুষকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান। ২০২১ সালে অভিনয়ে অভিষেকের পর নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করে পরিচিতি পান প্রিয়ন্তী উর্বী। তাঁর অভিনীত ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।



ফেসবুক কর্নার