September 1, 2026, 6:05 am
শিরোনাম :

৫ সেপ্টেম্বরের লংমার্চে বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

ইসমাইল হোসেন

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচিতে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন জোটের নেতারা। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলের নেতারা উপস্থিত ছিলেন। গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের পাশাপাশি বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি অভিযোগ করেন, গত ছয় মাসে সরকার গণতন্ত্রের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখাতে এবং জনদুর্ভোগ নিরসনে ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা বা ভয়ভীতি প্রদর্শন করা হলে সরকারের প্রতি জনঅনাস্থা আরও বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলের নেতারা জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। নেতাদের অভিযোগ, লংমার্চ ঘোষণার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম যানজট সৃষ্টি করা হচ্ছে। লংমার্চের দিন বালুর ট্রাক, খালি ট্রাক বা অন্য কোনো উপায়ে বহর আটকে দেওয়ার চেষ্টা করা হলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে পুলিশ, প্রশাসন ও ট্রাফিক বিভাগের সহযোগিতা কামনা করেছেন জোটের নেতারা।



ফেসবুক কর্নার