
আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সংশ্লিষ্টদের সঙ্গে এ বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, তাঁরা নির্বাচন কমিশনের কাছে নয় দফা দাবি লিখিতভাবে হস্তান্তর করেছেন এবং এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁর দাবি, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে সব নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। তাঁদের অযোগ্য করার প্রস্তাবকে বৈষম্যমূলক উল্লেখ করে তিনি বলেন, একজন ব্যক্তি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন, কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন বিধান গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত। নির্বাচন কমিশনে সম্প্রতি নিয়োগ পাওয়া অতিরিক্ত সচিব শামসুল আলমের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও দলটির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিকভাবে নিয়োগ পাওয়া প্রশাসকদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ না দেওয়া এবং মন্ত্রী, সংসদ সদস্য ও গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিদের স্থানীয় নির্বাচনের প্রচারে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের দাবিও জানানো হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, এই মুহূর্তে নির্বাচন বর্জনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং তাঁরা এখনো আশাবাদী। তবে নির্বাচন কমিশনের ওপর দলীয় সরকারের চাপ থাকার বিষয়টি তাদের কথাবার্তা ও আচরণে প্রতীয়মান হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হয় না; তাই জামায়াতে ইসলামী দলীয় প্রতীকে প্রার্থী দেবে না। তবে স্থানীয় শাখাগুলোকে প্রস্তুতি নেওয়া ও সম্ভাব্য প্রার্থী মনোনয়নের কাজ করতে বলা হয়েছে। বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপিসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।