September 3, 2026, 4:24 am

ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতায় সুনেরাহর সিনেমা

অভয়নগর প্রতিবেদক

প্রথম সিনেমাতেই জায় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে আলোচনায় আসা অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবার আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন। তাঁর অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্র ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঐতিহাসিক এই অর্জনের অংশ হতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে রওনা দেবেন সুনেরাহ। উৎসবে তিনি সিনেমাটির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে অংশ নেবেন। আন্তর্জাতিক চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই আসরে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে পারাকে নিজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য অভিজ্ঞতা হিসেবে দেখছেন এই অভিনেত্রী। দেশের চলচ্চিত্রে কাজের পাশাপাশি এবার বিশ্ব চলচ্চিত্রের বড় পরিসরে নিজেকে উপস্থাপনের সুযোগ পাচ্ছেন তিনি।

ভেনিস চলচ্চিত্র উৎসবের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিশ্বের বিভিন্ন দেশের নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগকে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন সুনেরাহ। তাঁর মতে, এই সফর অভিনয়জীবনে নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র সম্পর্কে জানার সুযোগ তৈরি করবে। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক উপস্থিতিও আরও দৃশ্যমান হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।



ফেসবুক কর্নার