বলিউড অভিনেতা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর তাদের পর্দার রসায়ন দর্শকদের নজর কাড়ে। এবার সেই সিনেমার অভিনেতা দর্শন জারিওয়ালা শুটিংয়ের সময় দুই তারকার সম্পর্ক ও সেটের পরিবেশ নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি অভিনেতাদের ব্যক্তিগত অনুভূতি কীভাবে চরিত্রে প্রভাব ফেলে, সে বিষয়েও কথা বলেন।
রণবীর ও ক্যাটরিনাকে প্রসঙ্গে দর্শন জারিওয়ালা জানান, সিনেমায় তাদের যে রসায়ন দেখা গিয়েছিল, শুটিং সেটেও তার প্রতিফলন ছিল। তবে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সরাসরি কোনো দাবি করেননি তিনি। অভিনেতা জানান, সিনেমাটির উটি শিডিউল প্রায় ৪০ দিন ধরে চলেছিল। দীর্ঘ সময় পুরো কলাকুশলী দল একসঙ্গে থাকায় অভিনেতাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হওয়ার সুযোগ ছিল। সে সময় ক্যাটরিনার সঙ্গে সালমান খানের এবং রণবীরের সঙ্গে দীপিকা পাডুকোনের সম্পর্কের বিষয়টি আলোচনায় ছিল। পরবর্তী সময়ে তাদের দুজনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর রণবীর ও ক্যাটরিনা আরও ঘনিষ্ঠ হন।
রণবীর কাপুর ২০১৬ সালের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিংয়ের সময়ই তিনি ক্যাটরিনার প্রেমে পড়েছিলেন। সিনেমাটিতে সালমান খানের একটি ক্যামিওও ছিল। তবে রণবীর-ক্যাটরিনার সম্পর্ক শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়নি। প্রায় ছয় বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে রণবীর ২০২২ সালে আলিয়া ভাটকে বিয়ে করেন এবং ক্যাটরিনা ২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে বিয়ে করেন। নিজেদের জীবনে দুজনেই এগিয়ে গেলেও তাদের পুরোনো সম্পর্ক ও সিনেমার রসায়ন এখনো বলিউডে আলোচিত বিষয় হয়ে আছে।