October 5, 2026, 8:51 pm

বাসায় আলো-বাতাস নেই, শুটিংয়েই প্রাণভরে নিশ্বাস দিলারা

অভয়নগর প্রতিবেদক

বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান অভিনয়কে শুধু পেশা হিসেবে দেখেন না; বরং চরিত্র ও সংলাপকে নিজের অনুভূতির সঙ্গে মিশিয়ে নেওয়ার একটি প্রক্রিয়া হিসেবে মনে করেন। সম্প্রতি একটি শুটিংয়ে নিজের অভিনয়জীবন ও ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ঢাকায় নিজের জমি না থাকলেও অনেক কষ্ট করে একটি ছোট বাসা কিনেছেন। একসময় বাসাটির চারপাশ খোলা থাকলেও বর্তমানে আশপাশে একের পর এক বহুতল ভবন নির্মাণ হওয়ায় সেখানে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে না।
দিলারা জামান বলেন, একজন শিল্পীকে চরিত্র ও সংলাপ নিজের ভেতরে ধারণ করতে হয়। তাই খোলা পরিবেশে শুটিংয়ের সুযোগ পেলে প্রকৃতির সান্নিধ্য তিনি বিশেষভাবে উপভোগ করেন। নিজের অনুভূতি তুলে ধরে তিনি বলেন, শুটিংয়ে প্রকৃতির মাঝে এলে বাইরে বসে থাকতে ইচ্ছে করে। তখন তাকে ঘরে যেতে বলা হলেও তিনি কিছুটা সময় বুকভরে নিশ্বাস নেওয়ার সুযোগ চান। তার কথায়, এমন পরিবেশে থাকা তার কাছে স্বস্তিদায়ক ও আনন্দের।
বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে আগের মতো নিয়মিত কাজ করতে না পারলেও ভালো কাজের প্রতি তার আগ্রহ এখনো অটুট। একটি ভালো কাজের মাধ্যমে দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকার প্রত্যাশার কথাও জানান তিনি। অভিনয়ে সততা, পরিশ্রম ও একনিষ্ঠতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন এই অভিনেত্রী। পরিচালকের সন্তুষ্টি না হওয়া পর্যন্ত বারবার কাজ করতে তার কোনো আপত্তি নেই বলেও জানান। একই সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের প্রযুক্তিগত সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার মতে, বর্তমান প্রজন্মের শিল্পীরা আগের তুলনায় অনেক বেশি শেখার ও জানার সুযোগ পাচ্ছেন। তিনি আশা করেন, তারা ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন এবং অভিনয়ের ক্ষেত্রে নতুন উচ্চতা তৈরি করবেন।



ফেসবুক কর্নার