September 5, 2026, 6:50 am

নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে দুইজন জীবিত উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে নয় দিন পর দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উদ্ধার হওয়া দুজন হলেন নেপাল ইলেকট্রিসিটি অথরিটির (এনইএ) মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয়া শাহ ও কবির মহারাজন। কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্জয়া শাহ শারীরিকভাবে দুর্বল থাকায় বর্তমানে কথা বলতে পারছেন না। উদ্ধারের পর তাঁকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তারে নেওয়া হয়েছে।
অন্যদিকে কবির মহারাজনকে উদ্ধার করে সরাসরি কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধারের পর তিনি হাসিমুখে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর স্ত্রীও হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নেপাল ইলেকট্রিসিটি অথরিটির জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত জানিয়েছেন, ত্রিশূলী-৩এ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে এখনো প্রায় ৩৯ জন শ্রমিক থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে কতজন জীবিত আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বন্যায় নিখোঁজ পাঁচ হাজারের বেশি মানুষের মধ্যে কয়েকশ মানুষ বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্কে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। আটকে পড়াদের উদ্ধারে প্রকৌশলীরা এসব সুড়ঙ্গে বাতাস ও অক্সিজেন সরবরাহের চেষ্টা করছেন। এ ছাড়া প্রায় অর্ধডজন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গেও পৃথকভাবে উদ্ধার অভিযান চলছে। এসব সুড়ঙ্গে ১৫০ জনের বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার