October 5, 2026, 11:13 pm

একাদশের পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ কারিনার

অভয়নগর প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনয়জীবনে দীর্ঘ সাফল্য পেলেও একাদশ শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যেতে না পারার আক্ষেপ এখনো রয়েছে বলে জানিয়েছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘সিংহাম এগেইন’-এর পর থেকে সিনেমায় তুলনামূলক কম সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানে পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার বিষয়টিও উঠে আসে। কারিনা জানান, সেই সময়ে অভিনয়ের সুযোগ পাওয়ায় একাদশ শ্রেণির পর আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
কারিনা বলেন, তিনি পড়াশোনা মাঝপথে বন্ধ করতে চাননি এবং সবসময়ই লেখাপড়া চালিয়ে যেতে চেয়েছিলেন। তবে ওই সময়ের সুযোগ ও পরিস্থিতির কারণে অভিনয়কে বেছে নেন। বর্তমানে নিজের দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানের পড়াশোনার বিষয়ে তিনি বেশ সচেতন। নিজের অভিজ্ঞতা থেকেই ছেলেদের পড়াশোনা শেষ করে পছন্দের পেশা বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। কারিনা জানান, বড় ছেলে তৈমুরের আপাতত বলিউডে আগ্রহ নেই; বরং খেলাধুলার প্রতি তার ঝোঁক বেশি। ক্রিকেটার বা ফুটবলার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে চায় সে।
তৈমুর ভবিষ্যতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলেও তিনি তা স্বাভাবিকভাবে নেবেন বলে জানান কারিনা। চলচ্চিত্র পরিবারে জন্মেছে বলেই তাকে অভিনয়ে আসতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই বলেও মনে করেন তিনি। ২০১২ সালে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা। ২০০০ সালে ‘রিফিউজি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর ‘জাব উই মেট’, ‘থ্রি ইডিয়টস’, ‘চামেলি’সহ বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেন তিনি।



ফেসবুক কর্নার