September 5, 2026, 6:16 am

মান্দানা করীমীর বিরুদ্ধে সাইবার হয়রানির অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

ভারত ছেড়ে দুবাইয়ে গেলেও দীর্ঘদিনের সাইবার হয়রানি থেকে মুক্তি মিলছে না ইরানি মডেল ও বলিউড অভিনেত্রী মান্দানা করীমীর। তার দাবি, প্রায় ছয় বছর ধরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে অনুসরণ ও হয়রানি করে আসছেন। ভারত ছাড়ার পরও তার পরিচিতজনদের কাছে রহস্যময় ই-মেইল পাঠানো হচ্ছে। এসব বার্তায় কখনো তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে, আবার কখনো অর্থ দাবি করা হচ্ছে বলে জানান অভিনেত্রী।
সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা করীমীর অভিযোগ, তার বিচ্ছেদের পর থেকেই এ ধরনের কর্মকাণ্ড শুরু হয়। শুধু তাকে নয়, তার সঙ্গে কাজ করা প্রযোজক, সহ-অভিনেতা ও পরিচিত ব্যক্তিদের কাছেও বিভিন্ন বার্তা পাঠানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য তার পেশাগত কাজ, ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক পরিচিতি ক্ষতিগ্রস্ত করা। কয়েক বছর আগে ঘটনার উৎস খুঁজে বের করতে তিনি ব্যক্তিগতভাবে তদন্তের চেষ্টা করেছিলেন বলেও জানান।
মান্দানা আরও দাবি করেন, তখন তাকে জানানো হয়েছিল যে একজন পেশাদার হ্যাকারকে ব্যবহার করে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম নজরদারি করা হচ্ছে। ‘মীনাক্ষী’ নামে একটি ভুয়া পরিচয় ব্যবহার করে তার পরিচিত ব্যক্তিদের কাছে ই-মেইল পাঠানোর অভিযোগও করেছেন তিনি। ভারত ছাড়ার পরও এ ধরনের যোগাযোগ বন্ধ হয়নি বলে দাবি অভিনেত্রীর। তার বন্ধুদের কাছেও এখনো এসব ই-মেইল পৌঁছাচ্ছে বলে জানান তিনি। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার