September 6, 2026, 8:42 am

মেক্সিকোয় স্ত্রী-কন্যাসহ সংগীতশিল্পী খুন

অভয়নগর প্রতিবেদক

মেক্সিকোয় নিজ বাড়িতে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এ ঘটনায় তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ, তিন বছরের কন্যা এবং ২১ বছর বয়সী এক পরিচারিকাও নিহত হয়েছেন। একই বাড়ি থেকে ছয় বছর বয়সী আরও একটি শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ ও সূত্রের বরাতে জানা গেছে, নিহত শিল্পীর বয়স ছিল ৩৮ বছর এবং তাঁর স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
হোনাতান তাঁর সংগীতদলের কিবোর্ডবাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্যান্ডটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্যান্ডের পক্ষ থেকে শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বাড়ির ভেতরে পরিবারের পোষ্য কুকুরটিকেও বাঁধা অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনের মাথায় এবং একজনের পিঠে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্তে নিয়ে হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের একজন জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নিহতদের একজনের ব্যবসায়িক অংশীদার। পুলিশের প্রাথমিক ধারণা, পরিবারের সদস্যদের সঙ্গে ওই ব্যক্তির পরিচিতি ও বিশ্বাসের সম্পর্ককে কাজে লাগিয়ে বাড়িতে প্রবেশের সুযোগ তৈরি হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত হয়নি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার