
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু মানুষ কৌশলে সমাজে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক স্বার্থে এই সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা সাধারণ মানুষের স্বাভাবিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য ক্ষতিকর। তাই বিভাজন সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদী আমলে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা বিএনপির ওপর চাপানো হতো। তবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর সারাদেশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কেউ ভয়ভীতি বা আতঙ্ক সৃষ্টি করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।