September 5, 2026, 6:55 am

কক্সবাজারে দীঘির নতুন লুকে মুগ্ধ ভক্তরা

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারের সমুদ্রসৈকত থেকে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির প্রকাশ করা নতুন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। নীল জলরাশি ও বিস্তীর্ণ বালুচরের মাঝে ছিমছাম সাজে তোলা ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের নজর কাড়ে। তবে নিছক ভ্রমণের জন্য নয়, শুটিংয়ের কাজেই বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন বলে জানা গেছে এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে সমুদ্রসৈকত থেকে দুটি ছবি প্রকাশ করেন দীঘি। ছবিগুলোতে স্বাভাবিক ও ছিমছাম সাজে দেখা যায় তাকে। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ এরপর থেকেই কক্সবাজারে তাঁর অবস্থানের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই ছবির প্রশংসা করার পাশাপাশি জানতে চেয়েছেন, সেখানে নতুন কোনো কাজের শুটিং চলছে কি না।
দীঘি অবশ্য নতুন কাজের বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘অপেক্ষা করুন, সময় হলে জানতে পারবেন।’ ফলে তিনি সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো ধরনের প্রজেক্টের শুটিং করছেন, তা এখনো স্পষ্ট নয়। শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া দীঘি পরবর্তী সময়ে বড় পর্দায় নায়িকা হিসেবেও কাজ করেছেন। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ ও বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করেন তিনি। এবার সমুদ্রসৈকত থেকে প্রকাশ করা ছবির পাশাপাশি নতুন কাজের রহস্যও ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।



ফেসবুক কর্নার