September 5, 2026, 5:29 am

বিপুল আইফোনসহ ছয় চীনা নাগরিক আটক

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও বিশেষ যোগাযোগ সরঞ্জামসহ চীনের ছয় নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইন প্রতারণা ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাইবার আইনে মামলা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল সি-প্যালেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে পুলিশ ১ হাজার ৯৩৮টি আইফোন, অন্তত ৩০টি ল্যাপটপ এবং পুলিশের ব্যবহৃত বিশেষ যোগাযোগ সরঞ্জাম জব্দ করেছে বলে জানানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রামু থানায় করা একটি অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলটিতে অবস্থানরত ছয় চীনা নাগরিককে আটক করা হয়। পুলিশ জানায়, গত ২৬ আগস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে অবস্থান নেয়। পরে তাদের কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসামগ্রী উদ্ধার হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চীনা ও তাইওয়ানি নাগরিকদের প্রায় ২০০ থেকে ৩০০ সদস্যের একটি সংঘবদ্ধ দল কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন কয়েকটি হোটেল ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। আটক ছয়জন ওই চক্রের সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সাইবার অপরাধ ও আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও যোগাযোগ সরঞ্জাম কী কাজে ব্যবহার করা হতো এবং এর সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার