September 5, 2026, 6:17 am

সালমান শাহ স্মরণে তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনী

অভয়নগর প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহকে স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) আয়োজন করেছে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী। চলচ্চিত্রপ্রেমী ও সালমান শাহর ভক্তদের জন্য এ আয়োজন উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি।
বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে সালমান শাহ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র প্রদর্শন করা হবে। দর্শকদের জন্য কোনো ধরনের প্রবেশমূল্য ছাড়াই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নব্বইয়ের দশকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করা সালমান শাহর স্মরণে আয়োজিত এ উদ্যোগে তার অভিনীত কয়েকটি আলোচিত চলচ্চিত্র দেখানো হবে।
প্রদর্শনীর প্রথম দিন ৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’। ৭ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে তার অন্যতম সফল চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর ৮ সেপ্টেম্বর সমাপনী দিনে দর্শকরা উপভোগ করতে পারবেন ‘তোমাকে চাই’ চলচ্চিত্রটি। বিএফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, সালমান শাহর অভিনয় ও চলচ্চিত্রজীবনের স্মৃতিকে নতুন প্রজন্মের দর্শকদের কাছে তুলে ধরার পাশাপাশি তার ভক্তদের জন্য স্মরণীয় করে তুলতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।



ফেসবুক কর্নার