
ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির গোয়েন্দা সংস্থা এসবিইউর সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে চালানো এ হামলাকে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অন্যতম উচ্চপ্রোফাইল লক্ষ্যবস্তুতে আঘাত হিসেবে দেখা হচ্ছে। হামলার পর কিয়েভের ঐতিহাসিক শহরকেন্দ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। শহরের মেয়র জানিয়েছেন, হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
ইউক্রেনের পক্ষ থেকে এ হামলাকে যুদ্ধের পরিস্থিতির ‘চরম অবনতি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কিয়েভের প্রাণকেন্দ্রে হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি দাবি করেন, ড্রোনটি এসবিইউ সদর দপ্তরে থাকা নিরাপত্তা প্রধানের কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এর জবাবে দৃশ্যমান ও উপযুক্ত প্রতিশোধমূলক পদক্ষেপের নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। তবে হামলার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
চলমান যুদ্ধে রাশিয়ার সামরিক ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এসবিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংস্থাটির সঙ্গে ২০২২ সালে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা এবং ২০২৫ সালে ‘স্পাইডারওয়েব’ নামে পরিচিত ড্রোন অভিযানের সংশ্লিষ্টতার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ওই অভিযানে রাশিয়ার কয়েকটি পারমাণবিক বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়। এ ছাড়া রাশিয়ার সামরিক ও অন্যান্য কর্মকর্তাদের ওপর গোপন হামলার সঙ্গেও সংস্থাটির নাম জড়িয়েছে। রাশিয়া এসব ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করে নিন্দা জানিয়ে আসছে। কিয়েভে সর্বশেষ হামলার উদ্দেশ্য ও ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।