September 5, 2026, 6:50 am

মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক

অভয়নগর প্রতিবেদক

কলকাতার প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক নতুন সিনেমা ‘স্পর্ধা’র মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন। চলচ্চিত্রটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন মেয়ে কোয়েল মল্লিক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমাটি পরিচালনা করছেন অন্নপূর্ণা বসু। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের কার্যালয়ে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কোয়েল মল্লিক, পরমব্রত চট্টোপাধ্যায় ও পরিচালক অন্নপূর্ণা বসুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিনেমাটির প্রযোজক নিসপাল সিং রানে।
প্রযোজকের মূল ভাবনায় ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সদীপ ভট্টাচার্য। চলচ্চিত্রটির গল্পে একজন স্বাধীনচেতা নারীর জীবনসংগ্রাম তুলে ধরা হবে। তিনি কর্মজীবনে কোনো আপস না করে সংসার ও ক্যারিয়ার সামলানোর পাশাপাশি আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে আবারও পর্দায় জুটি হিসেবে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিককে। সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
চলতি মাসের শেষ দিকে ‘স্পর্ধা’র দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। উল্লেখ্য, গত বছর অন্নপূর্ণা বসুর পরিচালনায় ‘স্বার্থপর’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছিলেন রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। ওই সিনেমায় কোয়েল মল্লিকের আইনজীবী চরিত্রে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক। নতুন সিনেমায় বাবা-মেয়ের পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায়ের উপস্থিতি ‘স্পর্ধা’কে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।



ফেসবুক কর্নার