
ছয় মাস ধরে চলা সংঘাত ইরানকে দুর্বল করার পরিবর্তে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতা নিয়ে তেহরানের আত্মবিশ্বাস বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বজায় রাখতে আরও কয়েক মাস সংঘাত চালিয়ে যাওয়ার বিষয়ে ইরান দৃঢ়প্রতিজ্ঞ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এমন মূল্যায়ন সামনে এসেছে।
মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, পাল্টাপাল্টি হামলার মাত্রা এখন পর্যন্ত তুলনামূলকভাবে সীমিত থাকলেও ইরানের কট্টরপন্থি সরকার সংঘাত আরও বড় পরিসরে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতায় পৌঁছানো কঠিন হতে পারে। বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তার মতে, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে বসতে তেহরান প্রস্তুত—এমন ইঙ্গিত খুব কমই পাওয়া যাচ্ছে। কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইরান অন্তত আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত সংঘাত দীর্ঘায়িত করতে চাইতে পারে। তাদের ধারণা, দীর্ঘস্থায়ী যুদ্ধ ও উচ্চ জ্বালানি মূল্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের জন্য রাজনৈতিক চাপ তৈরি করতে পারে।
তবে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, সংঘাতে ইরানও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বিষয়ে অবহিত কয়েকজন কর্মকর্তার ভাষ্য, ইরানের ধারণা হতে পারে—যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে আসায় ওয়াশিংটন নতুন করে বড় ধরনের হামলা চালানোর ক্ষেত্রে সীমাবদ্ধতার মুখে পড়তে পারে। নিউ জার্সির ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ও হাউস ইন্টেলিজেন্স কমিটির সদস্য জশ গটহেইমার বলেন, ইরানিরা মনে করছে তাদের হাতে চাপ প্রয়োগের উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে। সামগ্রিকভাবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, যুদ্ধের কারণে ইরান ক্ষতিগ্রস্ত হলেও নিজেদের পরাজিত মনে করছে না। বরং দীর্ঘ সংঘাত তেহরানের এই বিশ্বাস আরও জোরালো করেছে যে, বড় ধরনের হামলা সহ্য করেও তারা সামরিক সক্ষমতার একটি অংশ ধরে রাখতে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ অব্যাহত রাখতে পারবে।