
সিনেমার ব্যস্ততা থেকে কিছুটা অবসর পেয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভারতের পশ্চিমবঙ্গের টাকি ঘুরতে গিয়েছিলেন টলিউড অভিনেতা দেব। ‘দেশু ৭’ সিনেমার কাজ প্রায় শেষের দিকে থাকায় মা-বাবা ও বোনকে নিয়ে এই পারিবারিক সফরে যান তিনি। তবে পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মজার কথোপকথন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই তারকার মন্তব্য-পাল্টা মন্তব্যে অনুরাগীদের মধ্যে তাদের পুরনো রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দেব ও শুভশ্রী তাঁদের আসন্ন সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের ঘোষণা দেন। পোস্টটি প্রকাশের পর দুই তারকার মন্তব্য ঘিরে অনুরাগীদের আগ্রহ বাড়ে। দেবের পারিবারিক ছুটির ছবি দেখে শুভশ্রী পুরনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ টেনে মজার ছলে তাকে খোঁচা দেন। এর আগে ‘ধূমকেতু’ সিনেমার প্রচারে এক সাক্ষাৎকারে দেব শুভশ্রীর চেহারায় আগের মতো ‘ইনোসেন্স’ নেই বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে তাঁর মা হওয়ার প্রসঙ্গও উঠে আসে। বিষয়টি তখন আলোচনায় আসে এবং দুই তারকার সম্পর্ক নিয়েও নানা জল্পনা তৈরি হয়েছিল।
এবার সেই পুরনো প্রসঙ্গের জবাব দিতে গিয়ে দেবও মজার মন্তব্য করেন। তাঁর জবাবটি আসলে তাঁদের নতুন সিনেমার ‘তোর শুধু তোর’ গানের কথার অংশ হলেও দুই তারকার এমন কথোপকথন অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে। এর আগে ওই বিতর্কের পর শুভশ্রীর সঙ্গে তাঁর যোগাযোগে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানিয়েছিলেন দেব। এমনকি এক সাক্ষাৎকারে শুভশ্রীর নম্বর মুছে ফেলা এবং পরে আবার সংরক্ষণের কথাও বলেছিলেন তিনি। সম্প্রতি নতুন সিনেমাকে ঘিরে দুই তারকার যোগাযোগ ও পর্দার রসায়ন নিয়ে তাই নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘তোর শুধু তোর’ গানের ঝলক প্রকাশের পরও সেই আগ্রহ আরও বেড়েছে। এখন পুজোয় বড় পর্দায় দেব-শুভশ্রীর নতুন জুটি দর্শকদের কতটা আকৃষ্ট করে, সেটিই দেখার বিষয়।