September 6, 2026, 11:44 am

কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি শফিকুর রহমানের

আল আমিন, কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লাকে দ্রুত বিভাগ ঘোষণার পাশাপাশি পুরাতন বিমানবন্দর চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের কুমিল্লা অংশে পদুয়া বাজার বিশ্বরোডে আয়োজিত বিশাল সমাবেশে তিনি এ দাবি জানান। সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরে সমাবেশে অংশ নেন জোটের নেতাকর্মীরা। কুমিল্লার সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ১৯৯৪ সালে সিলেটকে বিভাগ ঘোষণার সময় থেকেই কুমিল্লাকে বিভাগ করার দাবি উঠে আসছে। সিলেট বিভাগ বাস্তবায়িত হলেও কুমিল্লা এখনো সেই মর্যাদা থেকে বঞ্চিত। তাই অবিলম্বে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে সরকারের প্রতি জোরালো দাবি জানান তিনি। একই সঙ্গে কুমিল্লাকে দেশের অন্যতম রেমিট্যান্সপ্রবণ এলাকা উল্লেখ করে পুরাতন কুমিল্লা বিমানবন্দর দ্রুত চালু করার দাবিও জানান। সমাবেশে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে পদুয়া বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হন। মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল।
অন্যান্য বক্তারা বলেন, লং মার্চটি সরকার পতনের আন্দোলনের কর্মসূচি হিসেবে নয়, বরং জনগণের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজন করা হয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা। বক্তারা বলেন, এসব দাবি জনগণের ন্যায্য দাবি এবং সরকারকে তা বাস্তবায়ন করতে হবে। দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে সরকার পতনের এক দফা আন্দোলনের কর্মসূচি দেওয়া হতে পারে বলেও সমাবেশ থেকে সতর্ক করা হয়।



ফেসবুক কর্নার