
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে শিক্ষা খাতে গুরুত্ব দিয়েছে। সম্প্রতি ঘোষিত বাজেটে বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে সর্বাধিক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
হুইপ দুলু বলেন, একটি জাতিকে পিছিয়ে দিতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দেওয়াই সবচেয়ে কার্যকর উপায়। তার অভিযোগ, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যাতে এগিয়ে যেতে না পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, সে উদ্দেশ্যে দেশের শিক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, নতুন প্রজন্মই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে। তাই তাদের যথাযথ শিক্ষা থেকে বঞ্চিত করা হলে দেশ অগ্রগতির পথে বাধাগ্রস্ত হবে। তার দাবি, পূর্ববর্তী সরকার ও আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, যা থেকে উত্তরণে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।