September 6, 2026, 10:54 am

রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, উৎসবের আমেজ

সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও প্রতিনিধি।

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। রোববার ও সোমবার (৬ ও ৭ সেপ্টেম্বর) তিনি ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে শহরের বিভিন্ন সড়কে আলোকসজ্জা, বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। সফরকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রিয় মানুষকে রাষ্ট্রপ্রধান হিসেবে বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, এটি হবে স্মরণকালের অন্যতম বৃহৎ নাগরিক সংবর্ধনা। ঠাকুরগাঁও নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন, জেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতিকে স্মরণীয় ও জমকালো সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি জানান, সফরকালে বহুল প্রত্যাশিত ‘ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে। এ খবরকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা দিয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও শহর ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিভিআইপি চলাচলের পথ ও অনুষ্ঠানস্থলে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে শহরের সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিনের পরিচিত জনপদে নিজ জেলার সন্তানকে রাষ্ট্রপ্রধান হিসেবে বরণ করে নিতে ঠাকুরগাঁওবাসী এখন অপেক্ষার প্রহর গুনছেন



ফেসবুক কর্নার