September 6, 2026, 9:28 am

সন্তান জন্মের পর ট্রোলিং, মুখ খুললেন বিপাশা

অভয়নগর প্রতিবেদক

সন্তান জন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তাঁর মতে, সন্তান জন্মের পরও নারীদের দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে আসার বিষয়ে সমাজে অবাস্তব প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশা পূরণ না হলে অনেক নারীকে নানা কটূক্তি ও নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়। সম্প্রতি এলে ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেত্রী।

বিপাশা জানান, মা হওয়ার পর তাঁর শরীর নিয়েও ব্যাপক আলোচনা ও ট্রোলিং হয়েছে। এমনকি কিছু পাপারাজ্জির তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা মন্তব্যের মুখে পড়তে হয় তাঁকে। তাঁর ভাষ্য, একজন নারীকে সন্তান লালন-পালনের পাশাপাশি নিজের জীবন, ব্যক্তিগত দায়িত্ব ও নানা ধরনের চাপ সামলাতে হয়। কিন্তু এসব বাস্তবতা বিবেচনা না করে অনেকেই প্রত্যাশা করেন, সন্তান জন্মের পর নারী যেন দ্রুত আগের শারীরিক গঠনে ফিরে আসেন।

তবে এসব নেতিবাচক মন্তব্য তাঁকে ভেঙে দিতে পারেনি বলে জানান বিপাশা। নিজের জীবনযাত্রা ও পরিবর্তনের বিষয়টি তিনি নিজেই সবচেয়ে ভালো বোঝেন বলেও উল্লেখ করেন। তাঁর মতে, সন্তান জন্মের পর নারীর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক এবং এ নিয়ে উপহাস বা কটূক্তি করা উচিত নয়। বিপাশা বসু ও করণ সিং গ্রোভার ২০১৬ সালের এপ্রিলে বিয়ে করেন। ২০২২ সালের ১২ নভেম্বর তাঁদের কন্যাসন্তান দেবীর জন্ম হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে নিয়ে বিভিন্ন মুহূর্তও নিয়মিত শেয়ার করেন বিপাশা।



ফেসবুক কর্নার