September 6, 2026, 9:25 am

ঘাড়ের ব্যথাসহ স্পাইনাল কর্ড সমস্যার ৫ লক্ষণ

মোঃ ইসমাইল হোসেন

ঘাড়ে ব্যথা বা শক্ত হয়ে থাকাকে অনেকেই বয়স বাড়ার স্বাভাবিক সমস্যা মনে করেন। তবে কখনো কখনো এসব উপসর্গ ঘাড়ের হাড়, সার্ভিক্যাল স্পাইন কিংবা স্পাইনাল কর্ডে চাপ পড়ার ইঙ্গিত হতে পারে। বয়সজনিত ক্ষয়, আর্থ্রাইটিস বা ডিস্ক ফুলে যাওয়ার কারণে ঘাড়ের স্পাইনাল ক্যানাল সরু হয়ে স্পাইনাল কর্ডে চাপ তৈরি হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের অবস্থাকে সার্ভিক্যাল মায়েলোপ্যাথি বলা হয়। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে দেখা দেওয়া কিছু পরিবর্তন এ সমস্যার সতর্কসংকেত হতে পারে।
প্রথমত, হাতের সূক্ষ্ম নড়াচড়ায় সমস্যা দেখা দিতে পারে। হাত থেকে বারবার জিনিস পড়ে যাওয়া, কাপ ধরতে অসুবিধা, চাবি ব্যবহার, বোতাম লাগানো বা জুতার ফিতা বাঁধার মতো কাজে আগের তুলনায় সমস্যা হলে বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। দ্বিতীয়ত, হাতের লেখায় হঠাৎ পরিবর্তন, লেখা ছোট বা এলোমেলো হয়ে যাওয়া এবং আঙুলের নিয়ন্ত্রণ কমে যাওয়াও সতর্কতার লক্ষণ হতে পারে। তৃতীয়ত, আঙুল, হাত বা বাহুতে বারবার ঝিনঝিনি, পিন ফোটার মতো অনুভূতি কিংবা অবশভাব দেখা দিতে পারে। এসব উপসর্গ মাঝে মাঝে হওয়ায় অনেকেই তা উপেক্ষা করেন, যা ঠিক নয়।
চতুর্থত, স্পাইনাল কর্ডের সমস্যায় হাঁটার সময় ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। পা ভারী লাগা, বারবার হোঁচট খাওয়া, হাঁটার সময় শরীর দুলে যাওয়া বা দেয়াল-আসবাব ধরে হাঁটার প্রয়োজন হওয়া এর সম্ভাব্য লক্ষণ। পঞ্চমত, দীর্ঘদিন ঘাড় শক্ত হয়ে থাকা বা অস্বস্তিও অবহেলা করা উচিত নয়। তবে সার্ভিক্যাল মায়েলোপ্যাথি থাকলেই যে তীব্র ঘাড়ব্যথা থাকবে, এমন নয়। স্পাইনাল কর্ড মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে স্নায়বিক সংকেত আদান-প্রদান করে। এতে দীর্ঘদিন চাপ থাকলে স্নায়ুর কার্যক্রম ব্যাহত হতে পারে এবং কিছু ক্ষেত্রে ক্ষতি স্থায়ী হতে পারে। তাই এ ধরনের উপসর্গ বারবার দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।



ফেসবুক কর্নার