September 6, 2026, 11:45 am

ক্ষমা চাইলেন দীপা খন্দকার, পোস্ট ঘিরে কৌতূহল

অভয়নগর প্রতিবেদক

অভিনয়জীবনের দীর্ঘ সময়ে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা ও প্রশংসা অর্জন করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। গল্প ও চরিত্র পছন্দ হলেই কাজ করেন তিনি। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ফেসবুকে দীপা লিখেছেন, কারও মনে কষ্ট দিয়ে থাকলে কিংবা কারও স্বার্থে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি নিজের প্রাপ্যটুকু নিয়ে ভালো থাকতে চান বলেও উল্লেখ করেন তিনি। তবে কী কারণে এমন বার্তা দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
অভিনয়ের শুরু থেকেই গল্প ও চরিত্রকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন দীপা। ক্যারিয়ারের এই পর্যায়েও নিয়মিত নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় ‘কর্মফল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। এতে প্রচলিত চরিত্রের বাইরে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং একটি চরিত্রে দেখা যাবে দীপাকে। নাটকটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা আ খ ম হাসান। নতুন চরিত্রে দীপার অভিনয় দর্শকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এদিকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন দীপা খন্দকার। চরিত্রটি দর্শকদের মধ্যে প্রশংসা পেয়েছে। একই পরিচালকের নতুন একটি ধারাবাহিক নাটকেও কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ধারাবাহিকটির শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগে দেওয়া দীপার রহস্যময় পোস্টের কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও তিনি নিজে বিষয়টি পরিষ্কার করেননি।



ফেসবুক কর্নার