
গত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি লংমার্চে সহযোগিতা ও অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়েছে।
বিবৃতিতে গোলাম পরওয়ার লংমার্চে অংশ নেওয়া ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী, পুলিশ ও সিভিল প্রশাসনের সদস্য, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, সড়ক বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তি এবং লংমার্চের পথে সহযোগিতা করা সাধারণ মানুষ, যাত্রী, পথচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে লংমার্চের বহরকে অভিবাদন জানিয়েছেন। বিভিন্ন পথসভায় মানুষের অংশগ্রহণ ১১ দলীয় ঐক্যের উত্থাপিত দাবিগুলোর প্রতি জনসমর্থনের প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে লংমার্চের কারণে সাময়িক জনভোগান্তি হয়ে থাকলে তার জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন।
গোলাম পরওয়ার বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের আগামী দিনের কর্মসূচিতে দেশবাসী আরও বেশি সম্পৃক্ত হবেন বলে তারা আশা করছেন। তিনি দাবি করেন, লংমার্চে মানুষের অংশগ্রহণ তাদের প্রত্যাশা ও দাবির বিষয়টি তুলে ধরেছে। বিবৃতিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে একই ধরনের লংমার্চ কর্মসূচি আয়োজনের কথা জানিয়ে তা সফল করতে দেশবাসী, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন এবং জনসাধারণের চলাচলে সৃষ্ট ভোগান্তি কমানোর বিষয়েও সংশ্লিষ্টদের দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়েছে।