September 6, 2026, 7:09 pm

সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

অভয়নগর প্রতিবেদক

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে ব্যবহৃত কালো রঙের একটি প্রাডো গাড়িকে ঘিরে বিতর্কের মধ্যে সেটি নিয়েই শোডাউনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে—এমন অভিযোগ তুলে তিনি বলেন, কারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত ও সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে গাড়ি শোডাউন করা হবে। যে গাড়িকে ঘিরে গুজব ছড়ানো হয়েছে, সেই গাড়িটিই শোডাউনের সামনে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং তাদের সম্মান ও উপযুক্ত মূল্যায়নের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান। এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লংমার্চে আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়ি ব্যবহার করেছেন। তিনি গাড়িটির মালিকানা ও নাসীরুদ্দীনের গাড়ি ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে পোস্ট দেন। জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী ওই অভিযোগকে মিথ্যা তথ্য বলে দাবি করেন এবং এ বিষয়ে রাশেদ খাঁনের কাছেই জানতে বলেন।

এদিকে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের যাচাইয়ে দাবি করা হয়েছে, লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী যে গাড়িটি ব্যবহার করেছেন, সেটির মালিক মনিরুল হক ভুঁইয়া, যিনি তুষার ভুঁইয়া নামেও পরিচিত। তাকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করার পক্ষে তারা প্রমাণ পায়নি বলে জানায়। দ্য ডিসেন্টের তথ্য অনুযায়ী, তুষার ভুঁইয়া ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মাদারীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তবে রাশেদ খাঁন পাল্টা বক্তব্যে তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, বিএনপির স্থানীয় নির্বাচন বর্জনের সময় তিনি নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করেছিলেন। গাড়িটির মালিকানা ও রাজনৈতিক পরিচয় নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারী ওই গাড়ি সামনে রেখে শোডাউনের ঘোষণা দিয়েছেন।



ফেসবুক কর্নার