September 6, 2026, 8:03 pm

মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপিকার মৃত্যুদণ্ড

অভয়নগর প্রতিবেদক

মিসরে বড় পরিসরের মাদক চোরাচালান ও প্রস্তুতকারী একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা এবং আরও ১১ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৩৯ বছর বয়সী সারা খলিফা নিরাপত্তা ও অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পান। ফরাসি বার্তা সংস্থা এএফপি ও মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘবদ্ধ অপরাধী চক্রের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে কৃত্রিম মাদক তৈরির অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে।

প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, চক্রটির সদস্যরা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল আমদানি, প্রস্তুত ও বিতরণের সঙ্গে যুক্ত ছিলেন। তদন্তের সময় ৭৫০ কেজির বেশি মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করা হয়। এ ছাড়া মাদক তৈরির কাজে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্ট এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিও উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। মামলায় অন্য নয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেওয়া হয়েছে। সারা খলিফার আইনজীবী জানিয়েছেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। মিসরের গ্র্যান্ড মুফতির ধর্মীয় মতামতের পর রায়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সারা খলিফা শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। শুনানির সময় তিনি মাদক সম্পর্কে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন। তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের এপ্রিলে কায়রো থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রসিকিউটররা ২০ জন সাক্ষীর জবানবন্দি এবং খুদে বার্তা, ছবি ও ভিডিওসহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ আদালতে উপস্থাপন করেন। রায় ঘোষণার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন বলে মিসরীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে মৃত্যুদণ্ডের প্রয়োগ নিয়ে মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে মিসরের সমালোচনা করে আসছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪৯২টি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা এবং ২৩টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।



ফেসবুক কর্নার