
পাকিস্তানি অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দানানির মোবিন, যিনি ‘পাওরি গার্ল’ নামে পরিচিত, আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার অভিনীত নতুন নাটক ‘হুরমত’-এর টিজার। এক মিনিটেরও কম সময়ের এই টিজারে কেন্দ্রীয় চরিত্রে দানানিরকে দেখা গেছে। টিজার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এতে দানানির ‘হুরমত’ নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন, যার জীবন কঠোর পারিবারিক নিয়ন্ত্রণে আবদ্ধ।
টিজারে ইঙ্গিত দেওয়া হয়েছে, হুরমত নিজের বাড়িতেই অনেকটা বন্দিজীবন কাটায়। তার বাবা মেয়ের চলাফেরা ও ব্যক্তিগত জীবনের ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখেন। এমনকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করা হয়। এক পর্যায়ে জীবনে প্রথমবারের মতো বাড়ির ভেতর থেকে আকাশের দিকে তাকাতে দেখা যায় হুরমতকে। নিজের স্বপ্ন, ইচ্ছা ও ভবিষ্যৎ নিয়ে তার আকাঙ্ক্ষা যেন চারপাশের নিষেধাজ্ঞার সঙ্গে সংঘাত তৈরি করে। সেখান থেকেই নিজের পরিচয় ও স্বাধীনতার পথ খুঁজে নেওয়ার গল্পে চরিত্রটির এগিয়ে যাওয়ার আভাস পাওয়া গেছে।
জানা গেছে, ‘হুরমত’ পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল হিউম টিভিতে প্রচারিত হবে। নাটকটির গল্প লিখেছেন কাশিফ আনোয়ার এবং প্রযোজনা করেছেন মোমিনা দুরাইদ। পরিচালনায় রয়েছেন নাদিম সিদ্দিক। গল্পে সামাজিক নানা বিষয় ও নারীর স্বাধীনতার প্রসঙ্গ উঠে আসার ইঙ্গিত পাওয়া গেছে। তবে নাটকটির প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ২০২১ সালে দানানির মোবিনের একটি ছোট ভিডিও সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর তিনি বিশ্বজুড়ে ‘পাওরি গার্ল’ নামে পরিচিতি পান।