
দীর্ঘ ১২ বছর পর একই সিনেমায় ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। ‘দেশু ৭’ সিনেমাকে ঘিরে তাদের পুনর্মিলনের খবরের মধ্যেই একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নতুন করে পুরোনো সম্পর্কের গুঞ্জন উসকে দিয়েছে। একসময় পর্দার প্রেম বাস্তব জীবনেও আলোচনায় এসেছিল এই দুই তারকার। পরে তাদের পথ আলাদা হয়ে যায় এবং একসঙ্গে কাজ করাও বন্ধ হয়ে যায়। তবে নতুন সিনেমায় তাদের প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সম্প্রতি প্রকাশিত সিনেমাটির প্রথম গান ‘তোর শুধু তোর’-এর টিজার শেয়ার করে দেব ও শুভশ্রী লেখেন, ‘কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না… সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।’ তাদের এই ক্যাপশনকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকে মন্তব্যের ঘরে দুই তারকার পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে আনেন। এর আগে ২০০৯ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রী জুটির পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে একাধিক সফল সিনেমায় তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় বলে বিনোদন অঙ্গনে আলোচনা ছিল।
‘দেশু ৭’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। একই সঙ্গে সিনেমাটি দিয়ে পরিচালক হিসেবেও নতুন অধ্যায় শুরু করছেন দেব। অন্যদিকে, টালিউড ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে প্রায় এক বছর নিষিদ্ধ থাকার পর অনির্বাণ ভট্টাচার্যও এই সিনেমার মাধ্যমে নতুনভাবে ফিরছেন। প্রকাশিত টিজারে তাকে ভিন্ন লুকে দেখা গেছে। শনিবার প্রকাশিত ‘তোর শুধু তোর’ গানটি ঘিরেও দর্শকদের আগ্রহ বাড়ছে। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। দীর্ঘদিন পর প্রিয় জুটিকে একসঙ্গে দেখতে অপেক্ষায় রয়েছেন তাদের পুরোনো ভক্তরা।