September 8, 2026, 1:56 pm

গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে

অভয়নগর প্রতিবেদক

গ্যাসের সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা তাকে জানিয়েছেন, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ উৎপাদনও বাড়বে। ফলে বর্তমানে বিদ্যুৎ নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা আর এতটা প্রকট থাকবে না বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ঢাকাতেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নেওয়া উচিত। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে। তিনি বলেন, ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখব’—এমন ধারণা থেকে সরকার সরে আসছে। এ কারণেই বর্তমানে ঢাকাতেও কিছুটা লোডশেডিং হচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল উল্লেখ করে তিনি বলেন, তখন ঢাকায় তা খুব একটা দেওয়া হতো না। ঢাকার মানুষের ‘ভয়েস’ ও সামাজিক পুঁজি বেশি হওয়ায় রাজধানীবাসীর মধ্যে লোডশেডিং না দেখার একটি বিশেষ ধারণা তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
২০২৩ ও ২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট মাসের গড় লোডশেডিংয়ের চিত্র তুলনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, শেখ হাসিনার সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩ সাল। ওই বছরের জুনে দেশে প্রতিদিন গড়ে লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট, যেখানে ২০২৬ সালের জুনে তা ছিল ৭৪১ মেগাওয়াট। একইভাবে, ২০২৩ সালের জুলাইয়ে গড়ে লোডশেডিং ছিল ৬১৩ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুলাইয়ে কমে ৪৬০ মেগাওয়াটে দাঁড়ায়। এসব পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গ্যাস সংকট কাটলে বিদ্যুৎ পরিস্থিতির বর্তমান চাপও কমে আসবে বলে সরকার আশা করছে।



ফেসবুক কর্নার