September 9, 2026, 10:07 am

ব্যালন ডি’অরের জন্য ভিক্ষা চাইবেন না ইয়ামাল

অভয়নগর প্রতিবেদক

ব্যালন ডি’অর জয়ের জন্য নিজের পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে চান না বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। পুরস্কার জয়ের সম্ভাবনা থাকলেও এ জন্য কারও কাছে অনুরোধ বা ‘ভিক্ষা’ চাইবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের সাম্প্রতিক পারফরম্যান্স, দলের লক্ষ্য ও ব্যালন ডি’অরের সম্ভাবনা নিয়ে কথা বলেন ইয়ামাল। তিনি বলেন, বার্সেলোনা ও স্পেনের হয়ে তার বছরটি দুর্দান্ত কেটেছে এবং এ কারণে পুরস্কার জয়ের সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। তবে শেষ পর্যন্ত কে পুরস্কারটি জিতবেন, সেটি তার নিয়ন্ত্রণে নেই।

ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইয়ামাল জানান, মাঠে তিনি যা করার তা করেছেন এবং নিজের পারফরম্যান্স নিয়ে তিনি গর্বিত। তাই আলাদা করে নিজের পক্ষে প্রচারণা চালানোর প্রয়োজন দেখছেন না। তিনি বলেন, নিজের করা কাজ নিয়ে তিনি সন্তুষ্ট এবং এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। এবারের পুরস্কারের দৌড়ে ইয়ামালের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের নাম আলোচনায় রয়েছে। তবে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে অতিরিক্ত ভাবতে চান না বার্সেলোনার এই ফরোয়ার্ড। দেম্বেলের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। এমবাপ্পে ও দেম্বেলের বিপক্ষে খেলার প্রসঙ্গ টেনে নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ইয়ামাল।

ব্যক্তিগত পুরস্কারের চেয়ে নতুন মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতাকেই বড় লক্ষ্য হিসেবে দেখছেন ইয়ামাল। ইউরোপের সেরা প্রতিযোগিতায় দলকে শীর্ষে নেওয়ার পাশাপাশি নিজের খেলায় আরও উন্নতি করতে চান তিনি। মাত্র ১৯ বছর বয়সে বার্সেলোনার অধিনায়ক হওয়ার দায়িত্ব পাওয়াকেও বিশেষ গর্বের বিষয় হিসেবে দেখছেন এই তরুণ ফুটবলার। সতীর্থরা তার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। নিজের চারপাশের আলোচনা ও সমালোচনা নিয়েও খুব বেশি চিন্তিত নন ইয়ামাল। বরং বর্তমান সময়কে নিজের জীবনের সবচেয়ে আনন্দের সময়গুলোর একটি হিসেবে উল্লেখ করে মাঠের পারফরম্যান্স ও দলীয় সাফল্যের দিকেই মনোযোগ রাখার কথা জানিয়েছেন তিনি।



ফেসবুক কর্নার