September 9, 2026, 9:52 am

আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

অভয়নগর প্রতিবেদক

জয় পেলেই সেমিফাইনাল নিশ্চিত, আর হারলেই এশিয়া কাপ থেকে বিদায়—এমন সমীকরণের গুরুত্বপূর্ণ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৬৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৮ রানে দুই উইকেট হারানোর পর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও জুয়াইরিয়া ফেরদৌস প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ৩১ রানের জুটি ভাঙার পর আবারও চাপে পড়ে বাংলাদেশ।

অধিনায়ক জ্যোতি ২৩ রান করে ফিরলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৫৫ রান। সেখান থেকে শারমিন আক্তার সুপ্তা ও নাহিদা আক্তার সপ্তম উইকেটে ৪৩ বলে ৪২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। সুপ্তা ৩১ বলে ৩৮ রান করেন, তাঁর ইনিংসে ছিল তিনটি চার। নাহিদা ১৬ রান করে অপরাজিত থাকেন। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে আমিরাত। পাওয়ার প্লেতে মাত্র ১৫ রান করতে পারে তারা। একপর্যায়ে ৩৮ রানেই পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিক দল। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন। রাবেয়া খান ১৪ রান দিয়ে ৩ উইকেট এবং নাহিদা আক্তার ২ উইকেট শিকার করেন।

এই জয়ে তিন ম্যাচে দুই জয় নিয়ে ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি বোলারদের সম্মিলিত নৈপুণ্যই ম্যাচে বাংলাদেশের জয়ের মূল পার্থক্য গড়ে দেয়। বিশেষ করে রাবেয়া, মারুফা ও নাহিদার নিয়ন্ত্রিত বোলিংয়ে আমিরাতের ব্যাটাররা কোনো সময়ই স্বস্তিতে খেলতে পারেনি। শেষ পর্যন্ত ৬৯ রানে তাদের ইনিংস থেমে যায়। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। বৃহস্পতিবার দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান।



ফেসবুক কর্নার