September 9, 2026, 9:52 am

শেখ হাসিনাকে ফেরালে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ইসমাইল হোসেন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে যেতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে অবস্থান করে কী বক্তব্য দিচ্ছেন, সেটি মূল বিষয় নয়; বরং তাঁকে দেশে ফিরিয়ে এনে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়াই গুরুত্বপূর্ণ।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাসহ তাঁর দলের অনেক নেতা-কর্মী বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাঁদের দেশে ফিরিয়ে আনতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। এ বিষয়ে ভারতের বিচার বিভাগও বিষয়টি দেখছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হবে এবং পরবর্তী সময়ে তাঁকে কারাগারে যেতে হবে। তবে প্রত্যর্পণ প্রক্রিয়ার অগ্রগতি বা সম্ভাব্য সময়সীমা নিয়ে সভায় বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নতুন কোনো ফোরাম বা জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কোনো জোটে যুক্ত হলে তা দেশের জন্য কতটা উপকারী হবে, সেটিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান তিনি। মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুরের বিভিন্ন আসনের সংসদ সদস্য, পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার