September 9, 2026, 9:36 am

পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব ঠিক হয়নি: রাশেদ

মোঃ ইসমাইল হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও পরিশীলিত ভাষার চর্চা করা প্রয়োজন। নিজের আগের একটি বক্তব্যের জন্য অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল স্বীকার করে তা প্রত্যাহার এবং ভবিষ্যতে নিজেকে সংশোধনের প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
রাশেদ খান দাবি করেন, অতীতে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য এবং বিএনপি সরকারের মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তীর্যক ও অশ্রাব্য ভাষায় মন্তব্য করেছিলেন। এর প্রেক্ষাপটে কয়েক মাস আগে তিনি টকশোতে একটি উদাহরণ দিতে গিয়ে পাটওয়ারীকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে জানান। পাশাপাশি পাটওয়ারী তাঁকে নিয়েও অশ্রাব্য ভাষায় কথা বলায় ব্যক্তিগত ক্ষোভ ও তিক্ততা তৈরি হয়েছিল বলে দাবি করেন রাশেদ। একপর্যায়ে দুজনের মধ্যে এ বিষয়ে আর না বলার জন্য যোগাযোগও হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
তবে সর্বশেষ নিজের বক্তব্যের বিষয়ে আত্মসমালোচনা করে রাশেদ খান বলেন, নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া তাঁর ঠিক হয়নি—এমন মত দিয়েছেন দেশ-বিদেশে থাকা তাঁর অনেক শুভাকাঙ্ক্ষী। তিনি বলেন, ২০২৪ সালের পরের রাজনৈতিক বাস্তবতায় দেশ গঠন, মানবিক মর্যাদা ও বৃহত্তর কল্যাণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাই তাঁর বক্তব্যে যে অনাকাঙ্ক্ষিত ভাষাগত ভুল হয়েছে, তা প্রত্যাহার করে ভবিষ্যতে নিজেকে আরও সতর্ক রাখার অঙ্গীকার করেন তিনি। রাশেদ খান বলেন, গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহনশীল ও পরিশীলিত রাজনৈতিক পরিবেশ তৈরিতে সবার ভূমিকা থাকা উচিত। তাঁর মতে, ঘৃণা ছড়িয়ে কোনো পক্ষই লাভবান হবে না; বরং এতে বিরাজনীতিকরণের সুযোগ তৈরি হতে পারে।



ফেসবুক কর্নার