September 9, 2026, 9:00 pm

সালমান শাহ হত্যা: রিমান্ড শেষে কারাগারে ডন

অভয়নগর প্রতিবেদক

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক মো. মুজিবুর রহমান। সিআইডির দাবি, জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন করেছেন ডন।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনেন বলে জানিয়েছেন। তবে তিনি মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে চলাফেরা করার কারণে ডন অভিনেতার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। সিআইডি জানায়, সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের সময় ডন কৌশলে বক্তব্য দিয়েছেন। মামলার ঘটনার আগে, ঘটনার সময় এবং পরবর্তী সময়ে তার আচরণ ও চলাফেরা বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।
সিআইডির আবেদনে আরও বলা হয়, ডন অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন বলে তদন্তকারীদের ধারণা। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন করা হয়। এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ আগস্ট তদন্ত কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ২৭ আগস্ট আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।



ফেসবুক কর্নার