September 9, 2026, 9:00 pm

শুভশ্রীর ‘এমনি’ ক্যাপশনে দেবভক্তদের কৌতূহল

অভয়নগর প্রতিবেদক

 

টালিগঞ্জের আলোচনায় ফের উঠে এসেছে দেব ও শুভশ্রী গাঙ্গুলির জুটি। একসময় জনপ্রিয় এই জুটি একাধিক সফল সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের কারণেও দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। পরে দুজনই নিজেদের জীবনে ভিন্ন পথে এগিয়ে যান। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারও সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ‘দেশু ৭’ সিনেমায় তাদের পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ। সিনেমাটি পরিচালনাও করেছেন দেব। ফলে শুটিং থেকে শুরু করে প্রচারণার বিভিন্ন আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের নিয়ে আলোচনা আরও বেড়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন শুভশ্রী। ছবিগুলো ‘দেশু ৭’ সিনেমার গান ‘তোর শুধু তোর’-এর শুটিংয়ের সময় তোলা। তবে ছবিগুলোর চেয়ে বেশি নজর কেড়েছে অভিনেত্রীর দেওয়া ক্যাপশন। মাত্র এক শব্দে শুভশ্রী লিখেছেন—‘এমনি’। বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল তৈরি হয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে দেবও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবির ক্যাপশনে ‘এমনি’ শব্দটি ব্যবহার করে আসছেন। শুভশ্রীর একই শব্দের ক্যাপশন দেওয়াকে তাই অনেকেই নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের মন্তব্য ও জল্পনা।

শুভশ্রীর পোস্টে ভক্তদের কেউ লিখেছেন, ‘আজ এমনি পূর্ণতা পেল’; আবার কেউ মন্তব্য করেছেন, ‘দুজনই দেখি এমনি’। আরেক ভক্ত মজার ছলে লিখেছেন, ‘সিঙ্গেল এমনি আর দুই দিক থেকে ডাবল এমনি, খটকা আছে!’ এমনকি কেউ কেউ দেবের সঙ্গে শুভশ্রীর বিয়ে নিয়েও মন্তব্য করেছেন। এরই মধ্যে দুই দিন আগে প্রকাশিত ‘তোর শুধু তোর’ গানটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে এবং গানটির ভিউ ১৭ লাখ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দুর্গাপূজায় মুক্তির কথা রয়েছে ‘দেশু ৭’ সিনেমাটির। এতে দেব-শুভশ্রীর সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।



ফেসবুক কর্নার