September 9, 2026, 8:05 pm

নিয়োগ নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ নিয়ে হাসনাতের প্রশ্ন

অভয়নগর প্রতিবেদক

 

ক্ষমতা ও সংখ্যাগরিষ্ঠতার জোরে ২০২৪ সালের অভ্যুত্থানের কথা ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চান তরুণরা এখনো জাগ্রত—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে তিনি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে ১০ম গ্রেডের নিয়োগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্যান্য ১০ম গ্রেডের পদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও দীর্ঘদিন ধরে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে হয়ে আসছে। মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়, পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে এবং পরে মন্ত্রণালয় নিয়োগ দেয়। তার দাবি, এ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম ভালোভাবেই চলছিল। তিনি অভিযোগ করেন, নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার কথা বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

হাসনাত বলেন, পিএসসি কোথাও জানিয়েছে কি না যে তারা নিয়োগ দিতে পারছে না—তা স্পষ্ট নয়। তার ভাষ্য, সরকারের এ উদ্যোগের মাধ্যমে নিয়োগে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে। পছন্দের ব্যক্তিদের নিয়োগ বা দুর্নীতির আশঙ্কাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ থেকেই ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সূত্রপাত হয়েছিল, যা পরবর্তীতে বড় ধরনের গণআন্দোলনে রূপ নেয়। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে দুর্নীতির মাধ্যমে লাভবান হওয়ার চিন্তা ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার