September 10, 2026, 12:50 pm

হেবা আইন সংশোধন বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

আনোয়ার হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি

হেবা আইনসংক্রান্ত সংশোধনী বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর সংসদে কণ্ঠভোটে পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন-২০২৬’ ইসলামী শরিয়াহর বিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, মুসলিমপ্রধান দেশে নাগরিকদের ধর্মীয় বিধান পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের ৪১ অনুচ্ছেদে ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, কোনো আইন যেন ধর্মীয় বিধান পালনে বাধা সৃষ্টি না করে। তাদের অভিযোগ, বর্তমান সরকার কুরআন-সুন্নাহবিরোধী আইন না করার প্রতিশ্রুতি দিলেও সংশোধিত আইনটি সেই অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে ইসলামী শরিয়াহতে বিস্তারিত বিধান রয়েছে। তাদের দাবি, উত্তরাধিকার আইন এড়িয়ে সন্তানদের নামে সম্পত্তি হেবা করার প্রবণতা থেকে অনেক ক্ষেত্রে বাবা-মা সম্পদ থেকে বঞ্চিত হওয়ার সমস্যার সৃষ্টি হচ্ছে। এ সমস্যার সমাধান প্রয়োজন হলেও শরিয়াহর বিধান পরিবর্তনের মাধ্যমে তা করা সমীচীন নয় বলে মনে করে দলটি। তারা আরও দাবি করে, জীবনসত্ত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের নতুন সুযোগ কার্যত অসিয়তের মতো হয়ে যেতে পারে, যা উত্তরাধিকার বিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ার আশঙ্কা রয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে, বাবা-মাকে সম্পত্তি থেকে উচ্ছেদের ঘটনা রোধে সামাজিক, পারিবারিক ও নৈতিক মূল্যবোধ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বাবা-মায়ের প্রতি দায়িত্ব অবহেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা এবং প্রয়োজন হলে রাষ্ট্রীয় উদ্যোগে ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও দিয়েছে তারা। দলটির নেতারা আইনমন্ত্রীকে শরিয়াহসংক্রান্ত বিষয়ে উলামায়ে কেরামের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বেকারত্ব, দ্রব্যমূল্য, সন্ত্রাস ও বিদ্যুৎ সংকটের মতো জনজীবনের সমস্যার সমাধানে সরকারের মনোযোগ দেওয়ার দাবি করেন। তারা আইনটি অধিকতর পর্যালোচনা করে আইনবিদ ও আলেমদের সঙ্গে পরামর্শের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার