
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট ও রুমিন ফারহানার পোস্টের মধ্যে পার্থক্য নেই। এ কারণে জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি হিসেবে রুমিন ফারহানাকে অভিহিত করেন তিনি।
রাশেদ খাঁন আরও দাবি করেন, রুমিন ফারহানা সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তা তার অতীতের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্য থাকাকালে সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের সঙ্গে সাম্প্রতিক বক্তব্যের তুলনা করেন তিনি। একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের পক্ষ থেকে রুমিনকে উৎসাহ দেওয়ার বিষয়টিরও সমালোচনা করেন রাশেদ। তিনি প্রশ্ন তোলেন, কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন সংসদ সদস্যের হট্টগোলের বিষয়টি কি ভুলে যাওয়া হয়েছে।
পোস্টে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সমালোচনার প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, ওই সময়ে বিএনপি-জামায়াত জোট সরকারে কৃষিমন্ত্রী ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী। বর্তমান পরিস্থিতিতে জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আবদুল্লাহ ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানারা আওয়ামী লীগের বয়ানের পক্ষে জোট বেঁধেছেন বলেও মন্তব্য করেন তিনি। একই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, জাতীয় নির্বাচনের আগে রুমিন ফারহানা হাসনাত আবদুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে সম্বোধন করেছিলেন।