September 11, 2026, 3:26 pm

অনিয়ম-দুর্নীতি থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার নানা অব্যবস্থাপনা নিয়ে রোগীদের অভিযোগের পর সরেজমিন পরিদর্শনে গিয়ে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডেঙ্গু ওয়ার্ডও পরিদর্শন করেন মন্ত্রী। রোগীদের অভিযোগ শুনে তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং চিকিৎসাসেবায় কোনো ধরনের অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, “হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।”
পরিদর্শনের সময় রোগীরা জানান, হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তাদের বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। এতে চিকিৎসার পাশাপাশি পরীক্ষার জন্যও রোগীদের নিজেদের অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। স্বাস্থ্যমন্ত্রী রোগীদের কাগজপত্র পর্যালোচনা করে ও তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, রোগীদের চিকিৎসার জন্য সরকার অর্থ দিচ্ছে এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। বিশেষ করে ডেঙ্গু শনাক্তকরণের প্রয়োজনীয় সব পরীক্ষা হাসপাতালে থাকার পরও রোগীদের বাইরে থেকে পরীক্ষা করানো হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে। এরপরও রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হলে তা মেনে নেওয়া হবে না। সম্প্রতি হাসপাতালের সেবার মান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ দেখা দিলে বিষয়টি তাঁর নজরে আসে। এরপরই তিনি নিজে হাসপাতালে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তাঁকে কাছে পেয়ে রোগীরা হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মন্ত্রী সংশ্লিষ্টদের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।



ফেসবুক কর্নার