September 12, 2026, 4:37 am

ময়মনসিংহে জ্বালানি সংকট নিরসনে বিক্ষোভ

আনোয়ার হোসেন

শরীয়াহবিরোধী আইন বাতিল ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতাকর্মীরা জনগণের ন্যায়সঙ্গত অধিকার, ধর্মীয় মূল্যবোধ ও জনস্বার্থের প্রশ্নে দায়িত্বশীল অবস্থান তুলে ধরেন। সমাবেশে বক্তারা বলেন, দেশের আইন ও নীতিনির্ধারণে জনগণের বিশ্বাস, মূল্যবোধ ও ন্যায়বোধের প্রতি সম্মান নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে চলমান জ্বালানি সংকট জনজীবন ও অর্থনীতিতে যে বিরূপ প্রভাব ফেলছে, তা নিরসনে দ্রুত, কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রতিবাদ সমাবেশ শেষে নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ময়মনসিংহের বড় মসজিদ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র নতুন বাজারে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে নেতাকর্মীরা শরীয়াহবিরোধী আইন বাতিল, জ্বালানি সংকট নিরসন এবং জনস্বার্থের সুরক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে বিদ্যুৎ ও গ্যাস সংকটের পাশাপাশি জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নের দাবিও তুলে ধরা হয়। মিছিল শেষে মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূইয়া।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকারের ছয় মাস অতিক্রান্ত হলেও রাষ্ট্র পরিচালনায় প্রত্যাশিত সফলতা দেখা যাচ্ছে না। তাদের দাবি, সরকারের দক্ষতার ঘাটতির কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সন্ত্রাসের মতো সমস্যা জনজীবনকে বিপর্যস্ত করছে। তারা বলেন, এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে এবং জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতৃবৃন্দ জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনায় জনগণের মূল্যবোধের প্রতি সম্মান দেখানোর দাবি জানান তারা।



ফেসবুক কর্নার